প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
লংগদুতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি, মুন্সি ট্রেডার্সকে জরিমানা।

লংগদু প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাঙামাটির লংগদুতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্রা পাড়া বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
অভিযান চলাকালীন দেখা যায়, বেশ কিছু দোকানে পণ্যের অতিরিক্ত দাম রাখা হচ্ছে এবং সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে 'মুন্সি ট্রেডার্স' নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া পণ্য ক্রয়ের রসিদ বা ভাউচার অবশ্যই সংরক্ষণ করতে হবে যাতে অতিরিক্ত মুনাফার সুযোগ না থাকে।
তিনি আরও জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার সিন্ডিকেট রুখতে প্রশাসনের এই মনিটরিং কার্যক্রম পুরো মাসজুড়ে অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা বাড়তি দাম রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে স্থানীয় বাজার কমিটির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট